যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্তের চরের মাঠ দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

আটকরা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার নূর মোহাম্মদের ছেলে হায়দার আলী শেখ (৬৫), ইউসুফ আলীর ছেলে সেলিম (৩৫), শরণখোলা উপজেলার ইউসুফ হাওলাদারের ছেলে কবীর হোসেন (৩০), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সাহেব আলীর ছেলে জামাল হোসেন (২৭), নোয়াখালীর মাইজদীর আমীর হোসেনের ছেলে আব্দুর রহিম (৩৭), বেগমগঞ্জ উপজেলার আবুল কালাম আজাদের ছেলে আলাউদ্দিন (৩০) ও সাতক্ষীরার হাসিমপুর থানার হাজি ইলাহী বক্সের ছেলে রমজান আলী মন্ডল (৫০)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে বিজিবির একটি টহল দল বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৭ বাংলাদেশীকে আটক করে। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক মতিয়ার রহমান প্রতিবেদককে জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। দুপুরে তাদেরকে যশোর আদালতের পাঠানো হবে।

এআই