দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ১ জুন (বুধবার) বিকেল ৫টায় শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ সংসদের ১১তম অধিবেশন আহ্বান করেছেন।
বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এ অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করবেন। ফলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। অধিবেশন এবার দীর্ঘ হবে।
এ অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। তবে আগামী ১ জুন সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।
এদিকে দশম জাতীয় সংসদের দশম অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে ৫ মে শেষ হয়। মোট ৯ কার্যদিবসের এ অধিবেশনে মোট ১৪টি সরকারি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ২৩৫টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১২টি গৃহীত নোটিশের মধ্যে একটি আলোচিত হয়। এ ছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৬১টি ছিল।
এ ছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ১২৫টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ৪৪টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা এক হাজার ৮৫২টি প্রশ্নের মধ্যে এক হাজার ২৯২টি প্রশ্নের জবাব দেন।
ওএফ





