সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ভাইকে দেখতে আসার পথে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা (৪৫) নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহম্মদ হোসেন (৬৫) নামের এক বৃদ্ধও নিহত হন।
রোববার সকাল ১০টায় আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের সাধনপুর বাণীগ্রাম এলাকায় বাস সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হতাহতরা সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী ছিল। নিহত তাহমিনা রায়ছটা গ্রামের জাকের উদ্দীন চৌধুরীর সহধর্মিনি। অন্যজন বাণীগ্রাম বাইন্না পাড়ার দুলা মিয়ার পুত্র বলে জানা গেছে। আহতদের মধ্যে নিহত আহম্মদ হোসেনের সহধর্মিনি আছিয়া খাতুন ও মোহাম্মদ আরিফকে মুমর্ষ অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী থানার ওসি সালাহ উদ্দীন বলেন, রোববার ভোরে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি বখতিয়ার উদ্দিনকে দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনায় তাহমিনা নিহত হয়েছেন। তাঁরা সম্পর্কে ভাই-বোন। তাহমিনা শ্বশুর বাড়ি থেকে যাচ্ছিলেন।
মাসুম/এমআর





