নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক হেলপারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গুরুতর আহত জেলার পুর্বধলার সবুজ মিয়া (৪৫), সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের সাহেদ আলী (৪০) ও পার্শ্ববর্তী ময়মনসিংহের হালুয়াঘাটের মোবারক হোসেনকে (২০) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকালে নেত্রকোনা রেল স্টেশনের অদূরে লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন সোমবার বিকাল ৩টার দিকে নেত্রকোনা বড় স্টেশনের কাছাকাছি লেভেল ক্রসিংয়ে পৌঁছামাত্র একটি ট্রাক রাস্তা অতিক্রম করতে যায়। এ সময় সামনে রিক্সা ও ইজি বাইক থাকায় চালক ট্রাকটি থামিয়ে দেয়। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি রাস্তার পাশে দোকানে ঢুকে যায়।
এ ঘটনায় ট্রেনে থাকা দুই জন, ট্রাকের ড্রাইভার, হেলপার, ইজি বাইকের যাত্রী, রিক্সার যাত্রীসহ ১০জন আহত হন।
এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক থানায় নিয়ে গেছে। এলাকাবাসী জানান, লেভেল ক্রসিংয়ে গেটম্যান থাকলেও দুর্ঘটনার সময় সেখানে কেউ ছিল না।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাছুদুল আলম জানান, ট্রেনের ধাক্কায় কয়েকজন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছ।
কেএইচ





