প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “পরমাণু শক্তি আমরা শান্তির জন্যই ব্যবহার করবো। পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে। সেটা গ্রামের মানুষের কাছে যাবে। তাদের আর্থ-সামাজিক উন্নতি হবে।”
রোববার (১০ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম পারমাণবিক চুল্লিপাত্র স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এইসব কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কানফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন তিনি।
শেখ হাসিনা বলেন, “আশা করি, ২০২৩ সালের মধ্যে এখান থেকে বিদ্যুৎ সরবরাহ এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট শুরু করতে পারবো।”
প্রধানমন্ত্রী বলেন, “রূপপুর বিদ্যুৎকেন্দ্র হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণাঞ্চলে জায়গা খুঁজছি। দক্ষিণাঞ্চলে শক্ত মাটির জায়গা পাওয়া খুবই কঠিন। তারপরও বিভিন্ন দ্বীপসহ ওই অঞ্চলে জরিপ করছি।”
তিনি আরও বলেন, “আরেকটা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবো, যেখানে ভালো জায়গা পায়। আমার ইচ্ছা, পদ্মার ওপারেও করবো। আশা করি, এ ব্যাপারে কোনও অসুবিধা হবে না।”
শেখ হাসিনা বলেন, “সেখানে যদি আমরা আরেকটা পরমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে পারি। তাহলে বিদ্যুতের জন্য আর কোনও অসুবিধা হবে না। তারপরও আমরা বহুমুখী বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে যাচ্ছি এ জন্য যে, বিদ্যুৎ সুবিধা যেন মানুষ পায় এবং অব্যাহত থাকে।”
এমবি





