ধর্ম অবমাননার দায়ে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে তাকে পুনরায় গ্রেফতার করার দাবিও জানিয়েছে সংগঠনটি। তা নাহলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে কওমী মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।

রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদরাসায় আয়োজিত ইফতার মাহফিলে সোমবার বিকেলে এ দাবি জানান হেফাজতের নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী। এ সময় তিনি ধর্ম অবমাননার মামলায় জামিন পেয়ে মুক্তিতে বের হওয়ার ঘটনায় সরকারের সমালোচনাও করেন।

ইফতার মাহফিলে ঢাকা মহানগর হেফাজতের সদস্য সচিব জুনায়েদ আল হাবীব বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোনো নাস্তিককে ছেড়ে দেওয়া হয়নি। আর এখনো কাউকে ছেড়ে দেওয়া হবে না। সরকারের প্রতি আহ্বান লতিফ সিদ্দিকীকে দ্রুত আটক এবং বিচারের মাধ্যমে ফাঁসি দিন।’

ঢাকা মহানগর হেফাজতের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, ‘লতিফ সিদ্দিকী কী করে মুক্ত হলো আমরা সরকারের কাছে জানতে চাই। এর বিরুদ্ধে আমরা রাজপথে নামবে, লতিফ সিদ্দিকীকে মুক্ত থাকতে দেব না।’

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সদস্য সচিব মোস্তফা আজাদ, এ্যাডভোকেট আব্দুর রকিব, মাওলানা আহমেদ আব্দুল কাদের, বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি নাসির উদ্দিন খান, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক প্রমুখ।

এএইচ