বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঢাল-তলোয়ারের হুমকি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র বাস্তবায়ন করা যাবে না।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর হাসপাতাল চত্বরে নারীবান্ধব হাসপাতাল কর্মসূচির আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী স্বাস্থ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, জনগণ এখন আর ঢাল তলোয়ারের যুগে নেই। এখন জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তার কারণে এদেশের জনগণ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে অর্থনৈতিক মুক্তির আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে।

শাজাহান খান আরো বলেন, এখন হলো অর্থনৈতিক মুক্তির আন্দোলন। কোনো ঢাল তলোয়ারের আন্দোলন নেই।

মাদারীপুর সিভিল সার্জন বাসুদেব কুমার দাসের সভাপতিত্বে দুদিন ব্যাপী মেলা উদ্বোধনের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

জেআই