মাগুরায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।
জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত|
সকাল ছয়টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত|
সকাল থেকে মাগুরায় শান্তিপূর্ণভাবে হরতাল শুরু হয়েছে। হরতালে নাশকতা মোকাবেলায় মাগুরা শহর ও তিনটি উপজেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
বুধবার ভোর ৬টা থেকে হরতাল শুরুর পর এ পর্যন্ত মাগুরার কোথাও কোনো ঝটিকা মিছিল কিংবা নাশকতার খবর পাওয়া যায়নি।
হরতালে রিক্সা-ভ্যান ও অভ্যন্তরীণ রুটে যানবাহনচললেও দূরপাল্লার গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। এ ছাড়া ব্যক্তিগত গাড়ি একেবারেই চোখে পড়েনি।
শহরজুড়ে একটি চাপা আতঙ্ক বিরাজ করছে। তবে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ভোর থেকে শ্রমজীবী মানুষ রাস্তায় নামলেও গণপরিবহনের অভাবে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে, হরতালে নাশকতা ঠেকাতে শহরের ভায়না, চৌরঙ্গী মোড় ও খুলনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। টহল দিচ্ছে বিজিবিও।
মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর জানান, স্পর্শকাতর সব জায়গায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। শহরজুড়ে টহল জোরদার করা হয়েছে। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
এমকে





