ইউনিয়ন পরিষদের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরদিন থেকে নিখোঁজ আছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আলমগীর হোসেন (৪৫)। তিনি উপজেলার রাখালগাছি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউ পি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। আলমগীর ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ঋণ খেলাপির অভিযোগে আলমগীর হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। ২৯ মার্চ প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই হয়। এ সময় আলমগীর হোসেনের মনোনয়ন বাতিল হয়। অবশ্য আলমগীরের ভায়রা মহাসিন আলী দাবি করেন, তাঁদের কাছে ব্যাংকের ছাড়পত্র রয়েছে। কিন্তু প্রার্থী নিখোঁজ থাকায় তাঁরা সেই কাগজ জমা দিতে পারেননি। মহাসিন আলী বলেন, তাঁর ভায়রা আলমগীর দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি।
২৭ মার্চ আলমগীর মনোনয়নপত্র জমা দেন। পরদিন ২৮ মার্চ সন্ধ্যায় মান্দারবাড়িয়া বাজারের পাশে তাঁর এক আত্মীয়ের বাড়িতে বসে গল্প করা অবস্থায় তাঁর মুঠোফোনে কল আসে। এরপর তিনি বেরিয়ে কয়েক জনের সঙ্গে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে চলে যান। এরপর আর ফিরে আসেননি।
তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচনে যেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন সে জন্য তাঁকে অপহরণ করা হয়েছে। তাঁকে গুম করা হতে পারে বলে আশঙ্কা করেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে গত ১ এপ্রিল রাতে কালীগঞ্জ থানায় তাঁরা একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে তাঁরা তদন্ত করছেন। তাঁর সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
এমআইএস।





