র‌্যালি ও মানববন্ধনের মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস শুরু করেছে ক্ষুদ্র নৃ-জাতি সম্প্রদায়।

শনিবার সকাল ১০টার দিকে ‘আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় মুক্তিকামী জনতার সেতুবন্ধন’এ স্লোগানকে সমানে রেখে জলছত্র কর্পোস খ্রিস্ট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে অসংখ্য নারী-পুরুষের এক বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক প্রদক্ষিণ করে জলছত্র বাজারে এসে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সমতলে বসবাসকারী নৃ-জাতিগোষ্ঠীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।

আচিক মিচিক সোসাইটি, বাগাসাস, সিবিএসডিপি, কারিতাসসহ বেশ কয়েকটি উন্নয়ন সংগঠনের সহযোগিতায় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান সংসদের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি।

এছাড়া দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব ইসলাম, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুসহ রাজনৈতিক, সামাজিক ও আদিবাসী নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ