খুলনা জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি এস এম শফিকুল আলম মনার বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা মিছিল সহকারে এসে এ হামলা চালায়। তবে কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এস এম শফিকুল আলম মনা হামলার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, রাতে তিনি বাসার দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। সাড়ে ৮টার দিকে কয়েকজন লোক এসে বাসার নিচে থাকা ৪/৫টি মোটরসাইকেল এবং কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে। ঘটনার পরই দ্রুত তারা পালিয়ে যায়। তবে কারা কি কারণে এ হামলা চালিয়েছে সেটি তিনি বলতে পারেননি।

এর আগে মঙ্গলবার সকালে নতুন কমিটির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানকে প্রত্যাহারের দাবিতে দলের ক্ষুব্ধ অংশ দলীয় কার্যালয় তালাবদ্ধ করে বিক্ষোভ এবং নতুন সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করে। রাতের এ হামলার সঙ্গে ক্ষুব্ধ অংশের যোগসাজস রয়েছে বলে দলিয় সূত্র দাবি করেছে।

এস এম শফিকুল আলম মনাকে সভাপতি এবং আমীর এজাজ খানকে সাধারণ সম্পাদক করে সোমবার কেন্দ্র থেকে খুলনা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।


জেড/মামুন