বেনাপোল সীমান্ত পথে অবৈধ পারাপারসহ বিভিন্ন অভিযোগে এক ভারতীয় নাগরীকসহ নয় বাংলাদেশিকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের আদালা অভিযানে এদের আটক করা হয়।
এদের মধ্যে বিজিবির অভিযানে এক ভারতীয়সহ চারজন ও পুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে আটক হয় আরো পাঁচজন। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন- ভারতীয় নাগরীক উত্তর দিনাজপুর এলাকার মৃত মহাদেব রায়ের ছেলে ধিমান রায় (২৫), পিরোজপুর জেলার নিবারন বক্সীর ছেলে নারান বক্সি (৫০), নড়াইল জেলার আবুল কাশেমের ছেলে আলমগীর হোসেন (২৮) ও খুলনা জেলার বৈধ্যনাথ মোস্তাফি (৬৫)।
কিন্তু পুলিশের অভিযানে আটক পাঁচ যুবক থানার ভেতর হাজত খানায় থাকলেও তাদের নাম ঠিকানা থানার রেজিস্টারে উল্লেখ্য না থাকায় তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন শুক্রবার রাত ১১টায় নয়জন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের অভিযানে আটক পাঁচজনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় তাদের নাম রেজিস্টারে ওঠেনি।
শনিবার দুপুরে আটক ব্যক্তিদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





