খোদ কমিশনারের বিরোধিতা ও সভা বর্জনের পরও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে আরপিও’র সংশোধী অনুমোদন করেছে নির্বাচন কমিশন।
আজ (৩০ আগস্ট) কমিশন বৈঠকে ৪ কমিশনার ইভিএম ব্যবহারে একমত হন।
তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্তের বিরোধিতা করে ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তিপত্র) দিয়ে নির্বাচন কমিশনের সভা বর্জন করেন অপর কমিশনার মাহবুব তালুকদার।
কমিশন সভা শেষে বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আরপিও‘র সংশোধনী চূড়ান্তের কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই বিষয়ে ৪ জন কমিশনার একমত হয়েছেন। একজন কমিশনার এই সিদ্ধান্তে একমত হননি। তিনি বলেন, সংশোধনী জাতীয় সংসদে পাস হলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ থাকবে।
এমবি





