দেশব্যাপী ২০ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিনের শুরুতেই গাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীর শিরোইলে কাউন্টারের পাশে দাঁড়ানো হানিফ পরিবহনের দু’টি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব ১৪-৭৩৪৫ ও ঢাকা মেট্রো ব ১৪-৬১৪৮) পেট্রলবোমা ছুড়ে পুড়িয়ে দেয়ার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর ‍জানান, সকালে কাউন্টারের পাশে দাঁড়ানো বাস দু’টি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। তবে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে বাস দু’টির প্রায় সব সিট পুড়ে গেছে। এ ঘটনায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

হানিফ পরিবহনের রাজশাহী কাউন্টারের ম্যানেজার মঞ্জুর রহমান খোকন জানান, হরতাল-অবরোধের সময় ওই স্থানে বাস রাখা হয়। সকাল সাড়ে ৭টার দিকে পর পর দু’টি পেট্রোল বোমা বিস্ফোরণের পর গাড়িগুলো পুড়তে দেখা ‍যায়। এ সময় দু’জনকে ধাওয়া দিলে একজন পালিয়ে যায় ও একজনকে আটক করা হয়।

বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন জানান, স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এআর