নরসিংদীর ইউএমসি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০ টায় ইউএমসি জুট মিলের চাঁদপুর ইউনিটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে রাত ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুনে কোনো নিহত হওয়ার খবর না পাওয়া গেলেও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এছাড়াও আগুনে বহু পাট ও পাটজাত পণ্য পুড়ে গেছে বলে জানা গেছে। ইউএমসি জুট মিলের জেনারেল ম্যানেজার মো. শাজাহান মিয়া বলেন, আমাদের মিলের চাঁদপুর ইউনিটে পাটের রোল মজুদ করা ছিল।
প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
নরসিংদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাজাহান সিরাজ বলেন, বৈদ্যুতিক শট সার্কিটই আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। মিলে পাটজাতীয় পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
মিলটির জেনারেল ম্যানেজার মো. শাজাহান মিয়া বলেন, আগুন নেভাতে গিয়ে আমাদের একজন শ্রমিক আহত হয়েছেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নির্ধারণ করা হবে।
এদিকে একইদিনে রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাঁচাবাজারে আগুন লাগে।
এর আগে বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। আহত অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত ফেব্রুয়ারির ২১ তারিখে পুরান ঢাকার চকবাজরের চুগিহাট্টায় লাগা আগুনের শোক এখনও দেশবাসীর হৃদয়ে গেঁথে রয়েছে।
সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে সারাদেশসহ বিশ্ব স্তব্ধ হয়েছিল। সেই ঘটনার পর একের পর পর দেশে অগ্নিকাণ্ড ঘটেই যাচ্ছে। এতে দেশবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে।
ফেব্রুয়ারি ও মার্চ মাসে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগুন লেগেই যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা হিমশিম খেয়ে যাচ্ছেন। তাদের নিরলস প্রচেষ্টায় এসব অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাচ্ছে বহু মানুষের জীবন ও বড়রকমের ক্ষয়ক্ষতি এড়ানো যাচ্ছে।
এএস





