কুষ্টিয়ার মিরপুরে একটি যাত্রীবাহী বাসের পিছনের চাকা খুলে গেলে বাঁচার জন্য বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়েন রনি (১৮) নামে এক যুবক। এ সময় অপর বাসের চাকায় পিষ্ট হন তিনি। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর শেফালী (৪৫) নামে বাসের আরেক যাত্রীর মৃত্যু হয়।

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়িয়া নামক স্থানে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রনি ভেড়ামারার আলম হোসেনের ছেলে ও শেফালী মিরপুর উপজেলার নওদা গোপালপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানান, ভেড়ামারা থেকে কুষ্টিয়া অভিমুখী হিসনা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া পৌঁছালে পেছনের চাকা খুলে যায়। এ সময় ওই বাসে থাকা রনি সড়কে ঝাঁপ দিলে পেছন থেকে আসা বিআরটিসির একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ছাড়া চাকা খুলে যাওয়ার প্রচণ্ড ঝাঁকুনিতে বাসের দুই যাত্রী আহত হন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেফালী মারা যান। মৃতদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এদিকে বাসের চাকা খুলে যাওয়ায় ওই সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পর পুলিশ বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই