বাগেরহাট জেলার শরণখোলায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পুলিন ব্যাপারী নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার দুপুরে শরণখোলা উপজেলার রায়েন্দা-তাফালবাড়ি সড়কের উত্তর কদমতলা মৌলভীবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত পুলিন ব্যাপারী উপজেলার ধানসাগর ইউনিয়নের পল্লীমঙ্গল গ্রামের বাসিন্দা।আহতরা হলেন- ভ্যান চালক জামাল (৫০) এবং মোটরসাইকেল চালক তারেক হাওলাদার (২৫)।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মিয়া জানান, পুলিন ব্যাপারী ব্যাটারি চালিত ভ্যানে করে উপজেলা সদর থেকে তাফালবাড়ি যাচ্ছিলেন।পথে মৌলভী বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী পুলিন ব্যাপারী নিহত হন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

এমই