কুমিল্লা জেলার বরুড়ায় একটি সেপটিক ট্যাঙ্ক থেকে ইব্রাহিম (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি শাকপুর গ্রামের আবুল কাসেমের ছেলে।
স্থানীয় মেম্বার মুকবল জানান, স্থানীয়রা দুপুর ২টার দিকে বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্কে ইব্রাহিম এর লাশ দেখতে পেয়ে বরুড়া থানা পুলিশকে খবর দেয়।
শিশুটির গলায় বৈদ্যুতিক তার দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়া হয়েছে।
বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) অলক বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দা ও নিহত শিশুর পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এসএম





