রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গতকাল সোমবার নাশকতার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, আ. হাশিম (২৭), সেলিম চৌধুরী (৪৭) ও মেহেদী হাসান ওরফে সুমন ফকির (৩৪)।
রাত নয়টার দিকে ডিবির সহকারী কমিশনার (এসি) মাহমুদ নাসের জনির নেতৃত্বে বিশেষ অভিযানে খিলক্ষেতের বনরূপা আবাসিক প্রকল্পের প্রধান ফটক থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় এই তিনজনের কাছ থেকে নয়টি তাজা বোমা, বোমা তৈরির সাদা পাউডার, জর্দার ৩৫টি খালি কৌটা, স্কচটেপ উদ্ধার করা হয়।
ডিবির দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে সেলিম চৌধুরী খিলক্ষেত থানা জাসাসের সভাপতি ও মেহেদী হাসান স্থানীয় যুবদল কর্মী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাশকতার উদ্দেশ্য খিলক্ষেতের ওই এলাকায় তাঁরা জড়ো হয়েছিলেন। এ সময় খিলক্ষেত থানা বিএনপির সভাপতি শাহিনুর আলম মারাফত ও সাধারণ সম্পাদক এস এম ফজলুল হকসহ আরও ১০-১২ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা হয়েছে।
কেএইচ





