আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে বাসের চাপায় মাহাবুব নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহাবুব পাবনা জেলা চাটমোহর থানার সনদবা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। তিনি একটি পরিবহনের চালক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, মাহাবুব জামগড়া এলাকার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
এমএম





