রাজধানীর যাত্রাবাড়ীতে সাড়ে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয় বলেও জানায় পুলিশ।
আটকরা হলেন, মো. শাহ আপেল ইসলাম ও মো. শাহাদাত হোসেন।
মিন্টু রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা জানিয়েছেন, তারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মনিরুল ইসলাম।
এমকে





