পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনী প্রচার চালানোর সময় বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রী সুরাইয়া আখতার চৌধুরী, দুজন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সকালে কলাপাড়ার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানান, সকাল ১০টার দিকে পটুয়াখালী থেকে ছয়টি মাইক্রোবাসে সাংবাদিকসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে কলাপাড়া পৌঁছেন আলতাফ হোসেন চৌধুরী। তিনি কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী হাজি হুমায়ুন শিকদারের পক্ষে প্রচার চালাতে যান। তাঁদের গাড়িবহরটি রহমতপুর এলাকায় গেলে কিছু দুর্বৃত্ত লাঠিসোটা ও ইট-পাটকেল দিয়ে হামলা চালায়।
মনির হোসেন আরো জানান, হামলায় সুরাইয়া আখতার চৌধুরী, যমুনা টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি জাকারিয়া হৃদয় ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আরিফুর রহমান আহত হন। এ ছাড়া জাকারিয়ার ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এমএ





