জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকারের ৯২টি প্রতিষ্ঠানে আজ (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার সাধারণ ও বিভিন্ন পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ৫টি পৌরসভা ও ৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচন এবং ২টি পৌরসভা, ৬৮টি ইউপি, ৪টি জেলা পরিষদ ও ১০ উপজেলায় উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আজ।

এইসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোটগ্রহণের সব প্রস্তুতি নিয়েছে ইসি। এরই মধ্যে নির্বাচনী মালামাল পৌঁছেছে ভোটকেন্দ্রে। এর মধ্য জেলা পরিষদের ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত, পৌরসভার ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো: আলমগীর বলেন, “বিভিন্ন স্থানে সাধারণ ও উপ-নির্বাচনের জন্য ইসি পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। এসব নির্বাচনে যেসব স্থান ঝুঁকিপূর্ণ সেখানে আমরা বেশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এছাড়া যেকোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে আমরা প্রস্তুতি নিয়েছি। তবে আশা করছি ভোটগ্রহণ ভালোভাবে অনুষ্ঠিত হবে।”

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, নির্বাচনী মালামাল, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে পাঠানো সম্ভব না হওয়ায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউপির সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

এছাড়া আইনি জটিলতায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনও স্থগিত করা হয়েছে।

পাঁচ পৌরসভা: ফরিদপুরের ফরিদপুর পৌরসভা, মধুখালী পৌরসভা, মাদারীপুরের রাজৈর পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা এবং গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সাধারণ নির্বাচন হবে।

এর মধ্যে বাঞ্ছারামপুরে মেয়র পদে একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি চার পৌরসভায় মেয়র প্রার্থী রয়েছেন ১৯ জন এবং কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৩৭৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১০৭ জন।

এছাড়া গোপালগঞ্জের মোকসুদপুর পৌরসভার ৬ নম্বর সাধারণ ওয়ার্ড এবং জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ১ নম্বর সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচনও হবে। এই দুই ওয়ার্ডে প্রার্থী রয়েছেন পাঁচ জন।

চার জেলা পরিষদ: ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে, চুয়াডাঙ্গায় ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে, চাঁপাইনবাবগঞ্জে ২ নম্বর ওয়ার্ডে এবং টাঙ্গাইলে ১০ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন হবে।

১০ উপজেলা: বগুড়ার শেরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে, নওগাঁর রাণীনগরে চেয়ারম্যান, পাবনার বেড়া ও ঈশ্বরদীতে চেয়ারম্যান পদে, সাতক্ষীরার দেবহাটায় চেয়ারম্যান, যশোরের বাঘারপাড়ায় চেয়ারম্যান ও সদরে মহিলা ভাইস চেয়ারম্যান এবং রাজবাড়ীর গোয়ালন্দতে চেয়ারম্যান, নোয়াখালীর বেগমগঞ্জে চেয়ারম্যান এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে।

তিন ইউনিয়ন পরিষদ: কুড়িগ্রামের রৌমারি উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবেড় ও চর শৌলমারীতে ভোট হবে।

এছাড়া ৬৮ ইউপির বিভিন্ন পদে উপ-নির্বাচন রয়েছে।

এমবি