নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্টগার্ডের হাতে অস্ত্রসহ আটক ১০ জলদস্যুর মুক্তির দাবিতে তিন দিনের হরতাল ডেকেছে উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় হরতালের সমর্থনে উপজেলা সদর ওছখালীসহ বিচ্ছিন্ন চরাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মাইকিং করেছে স্থানীয় আওয়ামী লীগের একাংশের সমর্থকরা।

উপজেলার তমরুদ্দি কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাহাত জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢালচর ও রামগতির মেঘনা নদীতে অভিযান চালিয়ে অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রলারসহ ১০ জলদস্যুকে আটক করেন তারা।

এসময় অপহৃত তিন জেলেকেও তাদের হাত থেকে উদ্ধার করা হয়। পরে সেখান থেকে একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, আটটি বড় ছোরা ও ১০টি ডাল উদ্ধার করা হয়।

এদিকে আটক জল ডাকাতদের মুক্তির দাবিতে উপজেলা সদর ওছখালীতে মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ। ওই মিছিলে নেতৃত্বদেন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা ইউসূফ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারুল আজিম রাজু, যুবলীগ নেতা আব্দুল হালিম আজাদ, জলদস্যু নেতা আবুল কাশেম হাজি প্রমুখ।

একই দাবিতে উপজেলা বিচ্ছিন্ন চরাঞ্চল বয়ারচর, নলেরচর ও ক্যারিংচরেও মিছিল করেছে আওয়ামী লীগের একটি অংশের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, মিছিল থেকে ঘোষণা করা হয় যে, আটকৃতদের অতিদ্রুত ছেড়ে দেয়া না হলে আগমী তিন দিন উপজেলার সর্বত্র হরতাল চলবে। ‘কোনো দোকানপাট খুলবে না’, ‘গাড়ির চাকা ঘুরবে না’ বলেও তারা মাইকে স্লোগান দেন।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বি মিয়া বলেছেন, ‘দুপুরে কোস্টগার্ডের সদস্যরা মেঘনায় অভিযান চালিয়ে ১০ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে।

এ সময় তিন জেলেকেও উদ্ধার করা হয়। আটকৃতদের মনপুরা থানায় সোপর্দ করা হয়েছে। কিন্তু জেলেদের কেউ কেউ বলছেন, গ্রেফতারের ঘটনা এটি সাজানো। তাই তারা মিছিল করেছেন। হরতালের ডাক দিয়েছেন।’

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর