নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের ১৪ দিন পর মাইরুন নেছা নামে ৪ বছর ৩ মাস বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টায় ফতুল্লার বিসিক শিল্প নগরীতে নির্মাণাধীন ফায়ার স্টেশনের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাইরুন নেছা ফতুল্লার শাসনগাঁও কলাবাগ এলাকার রোজিনা আক্তারের বাড়ির ভাড়াটিয়া লুৎফর রহমান ও আসমা বেগমের মেয়ে। এর মধ্যে লুৎফর রহমান বিসিকের ‘নিট কমপ্লেক্স’ নামের একটি গার্মেন্ট কারখানার নৈশপ্রহরী ও মা আসমা বেগম ‘জয়ার্প’ নামের গার্মেন্টের শ্রমিক।
আসমা বেগম জানান, ৮ ফেব্রুয়ারি নিখোঁজ হয় মাইরুন নেছা। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় জিডি করি। কিন্তু পুলিশ কোনো তৎপরতা দেখায়নি।
এর মধ্যে হারানো বিজ্ঞপ্তির লিফলেট তৈরি করে তা বিভিন্ন স্থানে সাঁটিয়ে দেই। ‘কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না’ বলে জানান আসমা বেগম।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, সোমবার সন্ধ্যায় স্থানীয়রা ডোবায় শিশুর লাশ দেখে পরিবারকে খবর দেয়। সেখানে যেয়ে কাপড় দেখে তাকে শনাক্ত করে শিশুটির বড় বোন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না। লাশে পচন ধরে গেছে।
ওএফ





