যশোরের বেনাপোল সীমান্তপথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ২২ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারী দালালকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার রাত পৌনে ১২টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে এদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১৭ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, বাবুল (২৮), সেলিম (২৯), সেলিমের স্ত্রী রহিমা আক্তার (২২), ছেলে শাকিব (০৭), প্রবীর সাধু (৩০), তরিকুল (৩৮), তরিকুলের স্ত্রী দোলনা বেগম (২৬), সাকিব খান (২৩), হাসান মিয়া (২৬), ইরুন শেখ (৪০), জাফরের স্ত্রী রাশিদা (৩০), মেয়ে সনিয়া (১৪), সানিয়া (১২), খুশি (০৯), শাকিল (০৭), রাসনা শেখ (২৫) ও কামাল শেখ(২৮)।
পুলিশ জানায়, ভালো কাজের প্রলোভনে পড়ে এরা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বাসা-বাড়ি ও কারখানায় কাজ করতেন। সেখান থেকে দালালের মাধ্যমে বাড়িতে ফেরার সময় বিজিবি সদস্যরা এদের আটক করেছে। আটকদের পরে থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে (১১সি) ধারায় মামলা হয়েছে।
উল্লেখ্য, এ সীমান্ত পথে অবৈধ পারাপার ও পাচার বেড়ে যাওয়ায় এ নিয়ে গত ৪ দিনে ৬৩ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে।
এমকে





