জামায়াতে ইসলামীর ডাকা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন রোববার সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ হরতাল সমর্থককে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে রয়েছেন, শ্যামনগরে শিবির কর্মী মিলন হোসেন, কালিগঞ্জে শিবির কর্মী হাসানুজ্জামান ও জামায়াত নেতা রফিকুল ইসলাম। দেবহাটায় জামায়াত নেতা আব্দুল্লাহসহ চারজন। সাতক্ষীরা সদর থানায় জামায়াত কর্মী ফারুক হোসেনসহ সাত জন।

এদিকে হরতালে সকাল থেকে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ সড়কেও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ভ্যান, রিকশা, ইঞ্জিনচালিত নসিমন ও করিমন চলাচল করছে।

সকাল থেকে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করে। তবে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানির কাজ চলছে।

সাতক্ষীরা শহরের বিভিন্ন মোড়ে পুলিশ, র‌্যাব টহল দিচ্ছে। তবে জেলার কোথাও হরতালের সমর্থনে পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

জেলার বিভিন্ন উপজেলায় নাশকতা এড়াতে একাধিক মোবাইল কোর্ট টহল দিচ্ছে।

এর আগে শনিবার রাতে পুলিশ সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ জামায়াত অফিসে অভিযান চালিয়েছে। তবে কাউকে আটক বা কোনো কিছু উদ্ধার করতে পারেনি।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোদ্দাচ্ছের হোসেন আটক ও অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

এআর