টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভোলারপাড়া সিগন্যাল বিহীন গেটে ট্রেনের ধাক্কায় অটোরিকশাভ্যানের দুই জন নিহত ও দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার(২২ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, গোপালপুর উপজেলার বেলুয়া গ্রামের মৃত মজিবর বেপারির ছেলে ভ্যানচালক আয়নাল বেপারি(৪৫) এবং একই গ্রামের আব্দুল হালিমের স্ত্রী  হাসি বেগম (৩০)। ওই ঘটনায় আহত ভেঙ্গুলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়া মনি(১৩) ও নিহত হাসি বেগমের শিশুপূত্র হাবিবকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

রিয়া মনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হেমনগর রেলওয়ে স্টেশনের কর্মচারি রাকিব হাসান জানান, চট্টগ্রাম-বঙ্গবন্ধুসেতু পূর্ব ভায়া ময়মনসিংহ ৩৭ আপ লোকাল ট্রেন বঙ্গবন্ধুসেতু স্টেশনে যাওয়ার পথে গোপালপুর উপজেলার ভোলারপাড়া সিগন্যাল ও গেটম্যানবিহীন রেল ক্রসিং পাড় হওয়ার সময় বেলুয়া থেকে হেমনগরগামী অটোরিকশাভ্যান রেললাইনের উপর আটকা পড়ে। লাফিয়ে অটোরিকশাভ্যানের যাত্রীরা নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাভ্যানটি দুমরেমুচরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাসি বেগম দুর্ঘটনা বুঝতে পেরে দুই বছরের কোলের শিশু হাবিবকে কোল থেকে ছুড়ে ফেলে দেয়। এতে হাবিব আহত হলেও  প্রাণে বেঁচে যায়।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. হারুন-অর-রশীদ জানান, আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা ও অপরজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এমএ