কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘ছিনতাইকারীদের বন্দুকযুদ্ধে’ রাব্বী (২০) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, রাব্বী ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় রবিবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ডিবির দুই কর্মকর্তা ও এক ছিনতাইকারীসহ তিনজন আহত হন।
রাব্বী কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুরের বাবুলের ছেলে।
আহতরা হলেন- ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম ও রাব্বীর সহকারী জনি।
পুলিশ নিহত ও আহতের কাছ থেকে তিনটি পিস্তল উদ্ধার করে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ৬ নভেম্বর দুপুরে ডিবি পুলিশের এসআই ফিরোজ হোসেনকে গুলি করে পিস্তল ছিনতাই করা হয়। ওই ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের গ্রেফতারে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোডে এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় রাব্বীসহ তিন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের এসআই, এএসআই, ছিনতাইকারী রাব্বী ও জনি আহত হন।
পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাব্বী মারা যান।
জেএ





