রাজশাহীর চারঘাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে চারঘাট পৌরসভা ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত।
আহত পুলিশের ওই এএসআইকে উদ্ধার করে একাডেমি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
চারঘাট থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, আহত মিজান সারদা পুলিশ একাডেমিতে কর্মরত। শুক্রবার তার মেয়ের বিয়ের অনুষ্ঠান। আর সেই বিয়েতে আত্মীয় পরিজনদের নিমন্ত্রণ করতে মোটরসাইকেলে করে চারঘাটে গিয়েছিলেন।
রাত সাড়ে ১০টার দিকে সারদা একাডেমিতে ফেরার পথে চারঘাট বাজার থেকে মাত্র ৫০০ গজ দূরে পৌর ভবনের সামনে দুর্বৃত্তদের দেখে তিনি মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। ওই সময় দুর্বৃত্তরা তাকে ধরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পায়ে কোপ দেয়।
তিনি আরও জানান, পরে খবর পেয়ে চারঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক নেতাকর্মীদের নিয়ে ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার পরপরই চারঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানকে উদ্ধার করে পুলিশ একাডেমি হাসপাতালে ভর্তি করে।
ওসি আলমগীর হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে নেমেছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলে জানান ওসি।
এসএইচ





