ঝিনাইদহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ছয়জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার ভোরে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত নান্নু মিয়া মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ভোরে যশোর থেকে একটি ট্রাক কুষ্টিয়ায় যাচ্ছিল। বিষয়খালী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা সাত শ্রমিক আহত হন।

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নান্নু মিয়া নিহত হন। চিকিৎসারতরা হলেন, সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বিশারত আলীর ছেলে আবু তালেব (৩০), বেতাই গ্রামের আবুল কাশেমের ছেলে ওলিয়ার (২২), আবু তালেবের ছেলে আলীরাজ (২৫), মজিবর রহমানের ছেলে সুমন মিয়া (২০), কালীগঞ্জ উপজেলার চাপাইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে সোহাগ উদ্দিন (৩০) ও ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে নয়ন মিয়া (২৪)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে।

এআই