কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৬৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
রোববার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাড়কের জুগিয়া পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে যাত্রীবাহী একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। এসময় শহিদুল ইসলাম আমলা থেকে মোটরসাইকেলে করে কুষ্টিয়া অভিমুখে আসার পথে শহরতলীর জুগিয়ার পালপাড়া এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।
এসময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার সময় চালক বাসটি নিয়ন্ত্রণ করতে গেলে বাসের ৩ যাত্রী আহত হয়।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





