নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারে স্বতন্ত্র চেয়রম্যান প্রার্থী এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে।
সোহরাব হোসেন অভিযোগ করে বলেন,‘কে বা কারা আমার স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য জেলা রির্টানিং কর্মকর্তার নিকট জমা দিয়েছেন।’নির্বাচনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এডভোকেট সৈয়দ আইয়ুব আলী, জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির যুগ্ম সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সহ-সভাপতি সাবেক সাংসদ এডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক খন্দকার মাসুদ হাসান।
রবিবার (১১ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাদে অন্য তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেন। এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসের অভিযোগ, জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ ও সহকারী রিটানিং অফিসার সেখ আনোয়ার হোসেনের কার্যালয়ে হাজির হয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। কে বা কারা তার নাম করে মনোনয়নপত্র প্রত্যাহারে একটি আবেদন জেলা রির্টানিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেয়ার স্বাক্ষর এবং প্রত্যাহারের স্বাক্ষর পরীক্ষা করে দেখা গেছে দুইটি স্বাক্ষর দুই ধরনের। মনোনয়নপত্র জমা দেয়ার আবেদনে লেখা আছে মো: সোহরাব হোসেন বিশ্বাস নিচে ইনিসিয়াল স্বাক্ষর। প্রত্যাহারের আবেদনে শুধু সোহরাফ হোসেন লেখা রয়েছে। তাতে মোঃ এবং নামের শেষে বিশ্বাস লেখা নেই। আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এডভোকেট সৈয়দ আইয়ুব আলী অবশ্য এ বিষয়ে দাবি করেন, তার (আইয়ুব আলী) সামনেই এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা সেখ আনোয়ার হোসেন বলেন, ‘তিন জনের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জেলা রির্টানিং কর্মকর্তার দপ্তরে জমা পড়ে। সেই মোতাবেক তিনি নির্বাচন কমিশনে তিন জনের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি জানিয়ে দেন।
কিন্তু সোহরাব হোসেন বিশ্বাস মনোনয়নপত্র প্রতাহারের বিষয়টি অস্বীকার করছেন। তিনি দাবি করেন, ঐ স্বাক্ষর তার নয়। বিষয়টি যাচাই-বাছাই করে নির্বাচন কমিশনের সাথে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।’জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ বলেন, ‘তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি যাচাই-বাছাই করে একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছিল।
তিনি দাবি করেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনের সচিবকে বিষয়টি জানিয়েছি।’তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ স্যারের সাথে কথা বলে একটি সংশোধনী তালিকা পাঠানো হয়েছে।’নড়াইলে চেয়ারম্যান পদে এডভোকেট অইয়ুব আলী এবং এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস প্রার্থী রয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।
উজ্জল রায়/ এআই





