রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টি চক্রের ৬ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এ সময় তাদের দেহ তল্লাশি করে ২০টি অ্যাটিভান (২ মি.গ্রা.), ২০টি এপিট্রা (২ মি.গ্রা.), ৩টি ডোরমিকাম (৭.৫ মি.গ্রা.) ১০টি মাইলাম (৭.৫ মি.গ্রা.) ১টি নোকিয়া ই-৭১ এবং ১টি ব্ল্যাকবেরি মোবাইল জব্দ করা হয়।

সোমবার সকালে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশের (মিরপুর জোনাল টিম) সহকারী কমিশনার মহরম আলী মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মহানগরীতে মলম পার্টি চক্রের সদস্যদের দৌরাত্ম বেড়েছে। তাদের তৎপরতা রোধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

একটি চক্র মগবাজার ও আশেপাশে এলাকায় চেতনানাশক ওষুধ চাসহ ও বিভিন্ন খাদ্যদ্রব্যের সঙ্গে মিশিয়ে তা পথচারীদের কাছে অল্প দামে বিক্রি করে আসছে। কোনো মানুষ এসব খেলে আধ ঘণ্টার মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে। এ সুযোগে মলম পার্টি চক্রের সদস্যরা তার কাছ থেকে নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এমন খবর পাওয়ার পর মগবাজার মোড়ে গোয়েন্দা সদস্যরা ওত পেতে থাকে। এ সময় কয়েকজনের মতিগতি অস্বাভাবিক মনে হলে তাদের চ্যালেঞ্জ করা হয়। অসংলগ্ন কথা বলায় তাদের আটক করা হয়। তারা তাদের অপকর্মের কথা স্বীকার করেন।

আটকরা হলেন- আব্দুল হালিম (৫২), পিতা: মৃত আজাহার সরদার; মো. জুয়েল (২৯), পিতা: আব্দুর রব; মো. লিটন ওরফে রতন (৩২), পিতা: মো. সরফরাজ। এরা সবাই বরিশালের বাসিন্দা। তারা বর্তমানে হাজারীবাগে থাকেন। এ ছাড়া আটক হয়েছেন- সাগর লাকুইড়া (১৮), পিতা: মৃত মালেক লাকুইড়া। তার গ্রামের বাড়ি শরিয়তপুরে। বর্তমানে থাকেন হাজারীবাগ এলাকায়। মো. রুহুল আমিন (২৫), পিতা: ইনজাহের মোল্লা; মো. রাজিব (২০), পিতা: ছাত্তার মোল্লা, উভয়ের গ্রামের বাড়ি নড়াইল জেলার নড়াগাতী উপজেলায়। বর্তমানে থাকেন উত্তরায়।

আটককৃতদের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হবে। আগামীকাল সকালের দিকে তাদের আদালতে নেওয়া হবে।

কেএইচ