রাজধানীর মতিঝিল ও পল্টন থেকে হকারদের উচ্ছেদ করার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এসব কর্মসূচি পালন করে।

‘পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ চলবে না, অবিলম্বে পল্টন-মতিঝিল হকারদের বসার ব্যবস্থা কর’ শীর্ষক ব্যানারে সংগঠনটি একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টনঘুরে মতিঝিলে গিয়ে শেষ হয়।

এর আগে বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে সমাবেশ করে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, হকাররা শখ করে নয়, নিজেদের জীবন চালানোর জন্য রাস্তায় বসে ব্যবসা করে। কারণ তাদের পক্ষে মার্কেটে দোকান নেয়া সম্ভব না।

তারা বলেন, আমরা সবসময় বহু মহলের নির্যাতন সহ্য করে ব্যবসা করে আসছি। চাঁদাবাজ, মাস্তান ও পুলিশ প্রশাসনের নির্যাতন সহ্য করেই আমাদের ব্যবসা করতে হয়। এখন মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে কথায় কথায় এই উচ্ছেদ অভিযান। সামনে পূজা ও ঈদ। আর এই সময়ে কার ইশারায় এই মানবতা বিবর্জিত কাজ করা হলো আমরা তা জানি না। তবে আমরা এইটুকু বলতে চাই অনতিবিলম্বে আমাদের বসার ব্যবস্থা করে দেয়া হোক। আর যদি উচ্ছেদই করতে হয় তবে আমাদের স্থায়ী একটা ব্যবস্থা করা হোক।

কোনো ব্যবস্থা না করে এভাবে অন্যায়ভাবে উচ্ছেদ করলে হকাররা ঘরে বসে থাকবে না। ঢাকা শহরের সব হকারদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবুল হাশেম কবিরের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, গার্মেন্টস ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রহিম হোসেন, কমিউনিস্ট পার্টির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আব্দুর রাজ্জাক, হকার্স সমিতির নেতা আরিফ চৌধুরী প্রমুখ।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই