বিপুল পরিমাণ ইয়াবাসহ আইয়ুব ও মোহাম্মদ হোসাইন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি মাদক বিরোধী টিম রোববার মধ্যেরাতে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে আমুলিয়া রোডের উপর থেকে আটক করে।
এ সময় সাদা রংয়ের একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ ১৫-৪৭৮৩) তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, এরা দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ইয়াবার এ চালানটি মিয়ানমার থেকে এনে ভারতে নেয়ার কথা ছিল। এ কারণে তারা বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
মনিরুল জানান, এ চালানটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ভারতে চালন করা কথা ছিল। এ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এআই/ এআর





