বেনাপোল পোর্ট থানা এলাকার পুটখালী সীমান্ত পথে অবৈধভাবে ভারত-বাংলাদেশের মধ্যে পারাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ১৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার ভোর ৬টায় সীমান্ত অতিক্রমের সময় এদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হচ্ছেন-খুলনা জেলার মোক্তার ঢালীর ছেলে রুস্তম আলী (২৫), পরিমলের ছেলে পংকজ (৩২), আনাবিল সানার ছেলে বাসুদেব (২০), সাতক্ষীরার আফসার গাজির ছেলে রুহুল আমিন (২১), দেবাশীস সরকারের স্ত্রী লিপিকা সরকার (২০), শিশু সান্তনা (০৩), মাদারীপুরের শ্যামল মিস্তির ছেলে তপু মিস্তি (১৮), নজরুল শেখের ছেলে আব্দুল কাদের (৪৫), যশোরের আবুল কাশেমের ছেলে নাজমুল হোসেন (২২), তাইজেল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৮), কুষ্টিয়ার অমূল্য পালের ছেলে অমল পাল (৪৫), আব্দুল বারীর ছেলে বুলবুল হোসেন (২৫), নড়াইলের ইয়ার আলীর ছেলে আরিফুল ইসলাম (২৭), স্ত্রী রিপা বিবি (২২) ও শিশু আছিয়া আক্তার (০২)।
বিজিবি জানায়, সীমান্ত পথে বেশ কয়েকজন নারী-পুরুষ পারাপার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালায়। পরে পুটখালীর মসজিদ পোস্ট সীমান্ত থেকে ১৪ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়। চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন প্রয়োজনে এরা সীমান্ত পারাপার হচ্ছিল বলে আটক ব্যক্তিরা জানিয়েছেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন, আটক ব্যক্তিদের অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





