যশোরের বেনাপোল সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৩ জন বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের ভারত সীমান্তবর্তী মাঠ থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটক হওয়া বাংলাদেশীদের বাড়ি যশোর ও গোপালগন্জ জেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে ৩ জন নারী ও বাকি ১০ জন পুরুষ।

পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার শফিউদ্দিন প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, বেশ কয়েকজন মানুষ ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পুটখালী গ্রামের ভারত সীমান্তবর্তী মাঠে অভিযান চালিয়ে ১৩ জন বাংলাদেশী নারী-পুরুষকে আটক করে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক মতিউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনু-প্রবেশের অভিযোগে মামলা দিয়ে দুপুরে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এসএইচ