বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ‘আমার সংস্কৃতি আমার সত্ত্বা, চাই সুশাসন চাই স্বচ্ছতা’ এই প্রতিপাদ্যে টিআইবি আয়োজিত দিনব্যাপী এক দুর্নীতিবিরোধী নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে দিনব্যাপী দুর্নীতিবিরোধী নাট্য উৎসবের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
উৎসবের সাংস্কৃতিক কর্মী ও দর্শনার্থীরা নাটকের মাধ্যমে সমাজে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নাট্য উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন টিআইবি’র আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক রিজওয়ান-উল আলম।
আতাউর রহমান বলেন, 'নাটক আমাদের বাঙ্গালী সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা যত বেশী এই সংস্কৃতির গভীরে যেতে পারবো ততই সম্মৃদ্ধ হবে আমাদের সমাজ, দেশ ও জাতি।' মানবতাই মানব জীবনের পুনর্জন্ম ঘটাতে পারে বলে তিনি উল্লেখ করেন।
নাট্য উৎসবে আন্তর্জাতিক নারী দিবস ২০১৪ উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ মোমবাতি প্রজ্বলন এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার নারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং নারীর প্রতি সহিংসতা রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
দিনব্যাপী উৎসবে ঢাকা ইয়েস নাট্যদলের পরিবেশনায় নাটক ‘জবানবন্দী’, কুড়িগ্রাম সনাক গণনাট্যদলের ‘আলোর পথে’, রাঙামাটি সনাক গণনাট্যদলের ‘পরিবর্তন’, সুবচন নাট্য সংসদের ‘মহাজনের নাও’ এবং রয়েলবীণা পুতুল নাচ, ব্রাহ্মণবাড়িয়া’র পরিবেশনায় ঐতিহ্যবাহী ‘পুতুল নাচ’ প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিপুল সংখ্যক দশনার্থী অংশগ্রহণ করেন।
ঢাকা, জেইউ, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর