নিখোঁজের চার দিন পর জেলার কালিয়ার একটি বিল থেকে সৌরভ নামে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের একটি বিলের ডোবা থেকে শনিবার বিকেল ৩টায় লাশ উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের শরিফুল মোল্যার ছেলে সৌরভ মোল্যা (১৪) বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বহু খোঁজাখুঁজি করেও তার খোঁজ না পাওয়ায় সৌরভের বাবা শুক্রবার রাতে নড়াগাতী থানায় জিডি করেন। বিলের ডোবায় লাশ শনিবার দুপুরে স্থানীয় লোকজন ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। সৌরভ স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পরিবারের অসচ্ছলতার কারণে পড়াশোনার পাশাপাশি সে ইজিবাইক চালাত।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইন জানান, লাশ উদ্ধার করে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেআই





