বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দেশের উপজাতি অধ্যুষিত জেলাগুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

বাসস’র শেরপুর জেলা সংবাদদাতা জানান, জেলার ঝিনাইগাতী উপজেলায় উপজাতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে এক এডভোকেসী সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকসী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম, উপজেলা বাগাছাসের সভাপতি ডেনিস নখরেক, উন্নয়ন কর্মী উজ্জল কুমার চক্রবর্তী, গৌরীপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ খোকা ও সাইলেন্ট চাম্বু গং।

সভায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন, কেন্দ্রীয় বাগাছাসের সহ-সভাপতি পবিত্র। এর আগে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও সংবাদদাতা জানান, জেলায় দিবসটি পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজাতি পরিষদ ও বেসরকারি সংস্থা ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এতে রাজনীতিক, সমাজকর্মী, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী, এনজিও কর্মী ও আদিবাসীরাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে প্রেসক্লাবের আনিসুল হক বাবু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুরে দিবসটি পালন উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুর মহানগরের শিববাড়ী মোড়ে মানবন্ধন চলাকালে বিশিষ্ট উপজাতি নেতা সুরেস বর্মন, উপজাতি বান্ধব রাজনীতিবিদ জয়নাল খান, এডভোকেট আসাদুজ্জামান বাদল বক্তব্য রাখেন।

বক্তারা সাংবিধানিক স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করাসহ উপজাতিদের পাঁচটি দাবি তুলে ধরেন। পরে শিববাড়ি থেকে র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাবিব উল্লাহ সড়কে গিয়ে শেষ হয়।

এ ছাড়া বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ