ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার কবিতা খানম রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সচিবালয়কে বলা হয়েছে।

কবিতা খানম বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের কপি পাওয়ার পরই আমরা বিষয়টি নিয়ে বৈঠক করেছি। আইনজীবীদের সঙ্গেও বসেছি। দুইজন আইনজীবীকে ওকালতনামা দেয়া হয়েছে।

রিট আবেদনে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়টি ছাড়া বাকিগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ। এক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগকেও এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, যখন স্থানীয় সরকার বিভাগ থেকে কোনো সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধ জানানো হয়। তখন ধরেই নেয়া হয় সবকিছু ঠিক করেই তারা কমিশনকে নির্বাচনের জন্য অনুরোধ করেছেন। ইসির কাজ হচ্ছে রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন করা।

আর স্থানীয় সরকারভুক্ত প্রতিষ্ঠানের নির্বাচন সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানোর পর আয়োজন করে নির্বাচন কমিশন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইকোর্টের স্থগিতাদেশ আপিলে স্থগিত হলে আইন অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা নেয়া হবে।

আনিসুল হকের মৃত্যুতে ফাঁকা হয় ডিএনসিসির মেয়রের পদ। এই পদে উপনির্বাচনের পাশাপাশি নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড এবং দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। ৯ জানুয়ারি এই তফসিল দেওয়া হয়। নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২৬ ফেব্রুয়ারি।

কিন্তু ভোটার তালিকা, সীমানা ও নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের মেয়াদসংক্রান্ত জটিলতা নিয়ে দুই সিটিতে নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে আলাদা রিট হয়। এই রিটের পরিপ্রেক্ষিতে আদালত ডিএনসিসি নির্বাচন ছয় মাসের জন্য এবং ডিএসসিসি নির্বাচন চার মাসের জন্য স্থগিত করেন।

জেড