সাংবাদিকদের সাথে খারাপ আচারণ করা এখন মনে হয় রীতি হয়ে দাঁড়িয়েছে! শাহবাগে কর্তব্যরত সাংবাদিককে পুলিশ পেটানোর পর এবার স্বয়ং অর্থমন্ত্রী চটলেন। এক সাংবাদিকের লিখিত প্রশ্ন ছিঁড়ে তা ছুড়ে ফেললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা-সম্পর্কিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। কর্মশালার যৌথ আয়োজক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
অনুষ্ঠানের এক পর্যয়ে মন্ত্রীর উদ্দেশ্যে চিরকুট পাঠান এক সাংবাদিক। এ সময় অর্থমন্ত্রীকে ডায়াসে দাঁড়িয়ে কথা বলার অনুরোধ জানালে তিনি বলেন, মঞ্চে অতিথিদের জন্য রাখা আসনে বসেই কথা বলবেন তিনি।
এ সময় চিরকুট পাঠানো সাংবাদিকের উদ্দেশে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘জলবায়ুর বিভিন্ন প্রকল্পে কী হচ্ছে আপনি কি জানেন? কে বলেছে প্রকল্প বাস্তবায়নের মান খারাপ? কোথায় মান খারাপ?’
তিনি আরও বলেন, ‘কে প্রশ্ন করেছেন? ননসেন্স প্রশ্ন। আপনি কি জানেন কী করা হচ্ছে? প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ হচ্ছে সেরা পারফরমার। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে।’
এসময় চিরকুটটিকে ছিঁড়ে টুকরো করে সামনের দিকে ছুড়ে ফেলে দেন অর্থমন্ত্রী। অর্থসচিব মাহবুব আহমেদসহ কয়েকজন মিলে অর্থমন্ত্রীকে তখন মঞ্চ থেকে নামিয়ে দর্শক-শ্রোতাদের কাতারে নিয়ে যান। ততক্ষণে নাশতা বিরতি শুরু হয়ে যায়।
মাহমুদ





