মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার প্রায় তিন মাস পর আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) দায়িত্ব নিতে যাচ্ছেন আ জ ম নাছির উদ্দিন।

আগামী রোববার নগর ভবনে এই দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রথা অনুযায়ী সাবেক চার মেয়রকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম জানিয়েছেন।

তিনি বলেন, মেয়রের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। সাবেক চার মেয়রকে দাওয়াত দেওয়া হয়েছে।

“সাবেক মেয়র মাহমুদুল হাসান চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও এম মনজুর আলম অনুষ্ঠানের দাওয়াত গ্রহণ করেছেন।”

নতুন মেয়র নাছির সিসিসির ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেবেন বলে প্রধান নির্বাহী কর্মকর্তা জানান।

গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি নির্বাচনে হাতি প্রতীক নিয়ে আওয়ামী লীগের সমর্থনে দলটির নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির চার লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়ে বিজয়ী হন।

গত ৬ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার দুই নবনির্বাচিত মেয়রের সঙ্গে শপথ নেন আ জ ম নাছির গত ৬ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার দুই নবনির্বাচিত মেয়রের সঙ্গে শপথ নেন আ জ ম নাছির তার প্রধান প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক মেয়র মনজুর আলম ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে ভোটের দিন সকালেই নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও কমলালেবু প্রতীক নিয়ে তিন লাখ চার হাজার ৮৩৭ ভোট পান।

এরপর ৬ মে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে নাছিরও মেয়র হিসেবে শপথ নেন।

শপথ নিলেও বর্তমান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ ২৫ জুলাই পর্যন্ত থাকায় দায়িত্ব গ্রহণ করতে পারেননি নাছির।

২০১০ সালের জুন মাসে নির্বাচন হলেও নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা ওই বছরের ২৫ জুলাই শপথ নেন।

নির্বাচনের পর সিটি করপোরেশনের নতুন পরিষদ দায়িত্ব নিয়ে তাদের প্রথম সভা থেকে পাঁচ বছর মেয়াদ থাকে।

রোববারই নাছিরের সঙ্গে দায়িত্ব নেবেন সিসিসির নব নির্বাচিত ৪১ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা।

গত ২৮ এপ্রিল মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে দায়িত্বগ্রহণের প্রাক-প্রস্তুতি হিসেবে সিসিসির সাতটি বিভাগের সঙ্গে পর্যায়ক্রমে আলাদা আলাদা মতবিনিময় করেন আ জ ম নাছির উদ্দিন।

নবনির্বাচিত মেয়রকে শতাধিকবার সংবর্ধনাও দেয় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও ক্রীড়া সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান।

এএইচ