শ্রাবণের বৃষ্টিতে খুলনার বেশির ভাগ সড়ক তলিয়ে গেছে। আর জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাঝারি বৃষ্টি হলেও শেষ বিকালের এক ঘণ্টার ভারী বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এতে নগরীর শান্তিধামের মোড়, পিকচার প্যালেচ মোড়, রয়্যাল মোড়, পিটিআই মোড়, সাত রাস্তার মোড়, আহসান আহমেদ রোড, দোলখোলা রোড, সাউথ সেন্ট্রাল রোড, শামসুর রহমান রোড, নিরালা, বাঘমারা, লবণচরা, মিস্ত্রী পাড়া, ময়লা পোতা, শিববাড়ি মোড়, বড় বাজার, মির্জাপুর রোড, খানজাহান আলী রোড, পশ্চিম রূপসা, নতুন বাজারসহ মহানগরীর বয়রা, খালিশপুর, দৌতপুরের বিভিন্ন এলাকার অনেক স্থানে হাঁটু পানি জমে যায়।
আর এই জলাবদ্ধতাকে পুঁজি করে রিকশা ও ইজিবাইক চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করছেন যাত্রীরা।
নগরীর ইষ্টার্ণ জুট মিলস লি. এর সহকারী ম্যানেজার (হিসাব) মো. একরাম উদ্দিন শেখ বলেন, অফিস শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় পানির কারণে যানবাহনের তীব্র সঙ্কট দেখা দেয়। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে।
তিনি জানান, রাস্তায় পানির অজুহাতে রিকশা ও ইজিবাইক চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে।
ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই





