কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের তিনদিন পর রোববার পর্যন্তও সন্ধান মেলেনি মকলেচুর রহমান সনি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর।
শুক্রবার সকালে পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে মকলেচুর রহমান সনি নিখোঁজ হয়।
সে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভূরার দাইড় গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী।
এ ব্যাপারে নিখোঁজ ছাত্রের বাবা মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি সূত্রে জানা গেছে শুক্রবার পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শুরুর পূর্বে কে বা কারা সনিকে ডেকে কেন্দ্রের বাইরে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, এসএসসি পরীক্ষার্থী মকলেচুর রহমান সনি নিখোঁজের বিষয়ে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ সাধারণ ডায়েরির সূত্র ধরে খোঁজখবর শুরু করেছে। সে নিখোঁজ না কেউ অপহরণ করেছে পুলিশ তা খতিয়ে দেখছে।
এমকে





