নারায়ণগঞ্জের আড়াইহাজারের মেঘনা নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক মাঝির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিশনন্দী বাজার মেঘনা নদী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু হানিফা (৬০) মাধবদী থানার চর ভাসানিয়া গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।
আড়াইহাজারের খাগকান্দার নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ পরিদর্শক আব্দুল হাকিম আজাদ জানান, সোমবার সকাল ৮টার দিকে আবু হানিফার নৌকা ভাড়া নিয়ে দুই জন লোক বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ যাওয়ার পরপরই বড় একটি ট্রলার মাছ ধরার নৌকাটিকে ধাক্কা দিলে মাঝি আবু হানিফা নদীতে পড়ে যায়। এরপর থেকে মাঝি নিখোঁজ ছিল। অবশেষে বৃহস্পতিবার মেঘনা নদীতে তার মরদেহ ভেসে উঠে।
তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমবি





