বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা রবিবার সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছেন। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে- তৈরি পোশাক, ইঞ্জেকশন, ইমিটেশন, ফেনসিডিল ও একটি ট্রাক।

বিজিবি-২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী জানান, ভারতের সীমান্তবর্তী বেনাপোল রেলস্টেশন, বড়আঁচড়া, আমড়াখালী ও ছোটআঁচড়া এলাকায় অভিযানগুলো চালানো হয়। এ সময় ৩ লাখ ২৮ হাজার টাকা দামের ১৮২ পিস তৈরি পোশাক, দেড় লাখ টাকা দামের পাঁচ হাজার পিস কেনুলা ইঞ্জেকশন, ১ লাখ ৩৫ হাজার টাকা দামের ইমিটেশন, ৯ লাখ ৮ হাজার টাকা দামের ২ হাজার ২৭০ বোতল ফেনসিডিল ও ৪০ লাখ টাকা দামের একটি ট্রাক উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

উদ্ধার করা মালামাল বেনাপোল শুল্ক গুদামে এবং মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই