নির্মাণাধীন মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের পরিকল্পনায় ত্রুটি নির্ণয় এবং এতে কারা জড়িত তা পর্যবেক্ষণের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটি সদস্য পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শওকত আলী, মেজর (অব.) রফিকুল ইসলাম, মো. তাজুল ইসলাম, নিলুফার জাফর উল্লাহ, পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক সূত্রে জানা যায়, ঢাকা শহরে নির্মিত বিভিন্ন ফ্লাইওভারের পরিকল্পনা সংক্রান্ত ত্রুটির কারণে প্রায়ই এসবের শেষ প্রান্তে অবর্ণনীয় যানজটের সৃষ্টি হয়। তাই নির্মাণাধীন মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের পরিকল্পনায় কোনো ত্রুটি ছিল কি না, থাকলে তাতে কারা জড়িত তা পর্যবেক্ষণের জন্য কমিটির সদস্য মো. তাজুল ইসলামকে আহ্বায়ক করে সামশুল হক চৌধুরী ও মুহিবুর রহমান মানিককে সদস্য করে তিন সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়।

আজকের বৈঠকে কমিটির ১৯-২০তম বৈঠকে গৃহিত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং ২০১৫-২০১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর বিভিন্ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

বৈঠক সূত্রে আরো জানা যায়, ২০১৫-২০১৬ অর্থবছরের এডিপিতে পরিকল্পনা বিভাগের ছয়টি, পরিকল্পনা কমিশনের ১১ টি, আইএমইডির চারটি এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ১০টি প্রকল্প চলমান রয়েছে। রেলওয়ে মহাপরিকল্পনার আওতায় জুলাই ২০১০ হতে জুন ২০৩০ সাল পর্যন্ত ২০ বছরে চারটি পর্যায়ে মোট ২৩৫টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এরই ধারাবাহিকতায় ২০১৫-২০১৬ অর্থবছরের এডিপিতে রেলওয়ের মোট ৩৪টি বিনিয়োগ প্রকল্প অন্তর্ভুক্ত আছে।

এ ছাড়া কর্মদক্ষতা অর্জন এবং তা প্রয়োগের সুবিধার্থে প্রজাতন্ত্রের কোন কর্মকর্তা যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য পদায়ন রাখার সুপারিশ করেছে কমিটি।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো গতিশীল করার জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ এবং যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করার প্রতি জোর দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।

এআইজে