পরীক্ষামূলকভাবে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বৃহস্পতিবার একটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
এ নিয়ে ওই কেন্দ্রের ভোটারদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। ইভিএমের মাধ্যমে কীভাবে ভোট দিতে হয়, গত এক সপ্তাহ সে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। কেন্দ্রটি ২৫ নম্বর ওয়ার্ডের শালবন এলাকায়।
রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, ইভিএম পদ্ধতিতে শুধু একটি কেন্দ্রে ভোট নেওয়া হবে। নতুন এ পদ্ধতিতে ভোটাররা যাতে কোনো সমস্যায় না পড়েন, সে জন্য ভোটারদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বুধবার দিলরুবা আক্তার (৪৫) তার দেবরের স্ত্রী নাসরিন সুলতানাকে নিয়ে এসেছেন ইভিএম ভোটকেন্দ্রে। তারা দুজনই ভোটার। ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, তা জানতে এসেছেন তারা। সংশ্নিষ্ট কর্মকর্তারা তাদের শিখিয়ে দিলেন, কীভাবে ভোট দিতে হবে। তারা দুজন একবার করে অনুশীলন করলেন মেশিনে।
দিলরুবা আক্তার জানান, অনেকটা ভয়ে ভয়ে তিনি এখানে এসেছেন। এখন ভয় কেটে গেছে। মেশিনে ভোট দেওয়া খুব সহজ। বৃহস্পতিবার এসে ভোট দিয়ে যাবেন। তিনি আরও জানান, তার সৌভাগ্য, তিনি প্রথম ইভিএমে ভোট দিতে পারবেন।
ভোটার নাসরিন সুলতানা সমকালকে জানান, তারও খুব ভালো লাগছে এই ভেবে যে ইভিএমে ভোট দেবেন তিনি।হারুন-অর-রশিদ নামের আরেক ভোটার জানান, সত্যিই তিনি ভাগ্যবান। সিটি নির্বাচনে তারাই শুধু ইভিএমে ভোট দিতে পারবেন।
এ পদ্ধতিতে ভোট দিতে খুব কম সময় লাগছে।তিনি আরও জানান, দেশে এ পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। হারুন-অর-রশিদ আরও জানান, ভোটের দিন অন্য ভোটারদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন তিনি।
রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আজহারুল ইসলাম দুলাল জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রেই শুধু ইভিএমে ভোট নেওয়া হবে।
এই কেন্দ্রে ভোটাররা যাতে উৎসাহ নিয়ে ভোট দিতে পারেন, সে জন্য তারা এক সপ্তাহ আগে থেকে প্রচার চালিয়েছেন। ভোটারদের হাতে-কলমে ভোট দেওয়া শিখিয়েছেন।
কেন্দ্রটিতে ভোটার সংখ্যা দুই হাজার ৫৯ জন। কেন্দ্রটিতে ছয়টি বুথ থাকছে।তিনি আরও জানান, এ পদ্ধতিতে ভোট দিতে সময় খুব কম লাগে। দ্রুত ফলও দেওয়া যাবে।
এমআর





